09/10/2026
মানুষ কী বলবে, সেটা ভাবতে ভাবতে নিজের জীবনটাই যেন থেমে না যায়
এক বাবা তাঁর ছোট ছেলেকে নিয়ে বাজার থেকে একটি ঘোড়া কিনে বাড়ি ফিরছিলেন- রাস্তায় প্রচণ্ড গরম, কিছুদূর হাঁটার পর বাবা ভাবলেন, ছেলেটা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে। তাই ছেলেকে ঘোড়ার পিঠে বসিয়ে নিজে হাঁটতে লাগলেন।
কিছুদূর যেতেই কয়েকজন বলল “কী বেয়াদব ছেলে! বৃদ্ধ বাবা হেঁটে যাচ্ছে, আর ছেলে আরামে ঘোড়ায় বসে আছে” কথাটা শুনে ছেলেটার খুব খারাপ লাগল, সে নেমে বাবাকে ঘোড়ায় বসাল।
আবার কিছুদূর যাওয়ার পর কয়েকজন বলল—“কী নিষ্ঠুর বাবা,নিজে আরামে বসে আছে, আর ছোট ছেলেটাকে এই গরমে হাঁটাচ্ছে!”এবার বাবা নেমে গেলেন, দুজনেই হাঁটতে শুরু করলেন।
কিছুদূর যেতেই আবার কয়েকজন হেসে বলল— “কী বোকা মানুষ! ঘোড়া থাকতে দুজনেই হেঁটে যাচ্ছে!” তখন বাবা-ছেলে দুজনেই ঘোড়ায় উঠলেন।
কিন্তু কিছুদূর যাওয়ার পর আবার একজন বলল— “কী নিষ্ঠুর মানুষ! এই গরমে দুজন মিলে একটা ঘোড়ার ওপর চেপে বসেছে!”
এবার বাবা আর ছেলে দুজনেই থেমে গেলেন, একটা গাছের নিচে বসে বাবা ছেলেকে বললেন— “বাবা, আজ একটা কথা মনে রেখো, তুমি জীবনে যা-ই করো না কেন, মানুষের কিছু না কিছু বলার থাকবেই। তাই সবার কথা শুনবে, কিন্তু নিজের বিবেক, বাস্তবতা আর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী চলবে। নইলে অন্যদের খুশি করতে করতে নিজের গন্তব্যেই পৌঁছাতে পারবে না”
গল্পটা ছোট, কিন্তু আমাদের জীবনের সঙ্গে কতটা মিলে যায়-
আমরা কত স্বপ্ন শুরুই করি না, শুধু মানুষ কী বলবে ভেবে।
কত ভালো সিদ্ধান্ত বদলে ফেলি, কেউ সমালোচনা করবে এই ভয়ে। কতবার নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, শুধু অন্য কেউ আমাদের যোগ্য মনে করেনি বলে।
অথচ জীবনটা আপনার, আপনার স্বপ্ন, আপনার দায়িত্ব, আপনার পথ। মানুষের কথা শুনুন, ভালো পরামর্শ গ্রহণ করুন, ভুল হলে সংশোধন করুন। কিন্তু শুধু সমালোচনার ভয়ে নিজের স্বপ্ন থেকে সরে আসবেন না।
*মনে রাখবেন, সবাইকে খুশি করতে গিয়ে যেন নিজের জীবনের আসল উদ্দেশ্যটাই হারিয়ে না ফেলেন* — Mirza Shishir
একটা প্রশ্ন রেখে যাই, আপনার জীবনে এমন কোনো স্বপ্ন আছে, যেটা শুধু “মানুষ কী বলবে” ভেবে আজও শুরু করতে পারেননি?